বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন
[দেশ]
১৯৩৭ সালের ৬ মে। আমেরিকার নিউ জার্সির ম্যাঞ্চেস্টার টাউনশিপের আকাশে উড়ছিল একটা এয়ারশিপ। হাইড্রোজেন গ্যাসে ভরা। তৈরি করেছিল জার্মানির জেপেলিন কোম্পানি। এয়ারশিপের নাম ছিল হিন্ডেনবার্গ। একদা জার্মানির প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল পল ভন হিন্ডেনবার্গের নামে। ওই দিন সকাল সাড়ে সাতটা নাগাদ অবতরণের সময় গ্যাস লিক করে এয়ারশিপ ফুটো হয়ে যায় ও মাটিতে আছড়ে পড়ে। এয়ারশিপে যাত্রী ছিলেন ৯৭ জন। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জান যাত্রী ও ২২ জন বিমানকর্মীর। সেই থেকে হাওয়া ভরা বা গ্যাসভরা বেলুন ফুটো হয়ে যাওয়ার প্রতীক হয়ে আছে হিন্ডেনবার্গ।
এই ঘটনার ৮৬ বছর পরে আরেক হিন্ডেনবার্গ ফুটো করে দিল আদানি গোষ্ঠীর সম্পত্তির হাওয়া ভরা বেলুন। না, আদানিদের বেলুন ফুটো হয়ে গ্যাস বেরোয়নি। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ফুটো করে দিয়েছে আদানিদের জালিয়াতির ভাঁড়। আর তাতেই হু হু করে দাম কমছে আদানিদের শেয়ারের, চুপসে যাচ্ছে এই গোষ্ঠীর ফোলানো– ফাঁপানো সম্পত্তির বেলুন। শেষ পর্যন্ত এই বিষয়টা কোথায় গিয়ে থামবে কেউ জানে না।
আদানিদের মূল সমস্যাটা কোথায়। হিন্ডেনবার্গ জানাচ্ছে, কর ফাঁকি দিয়ে ও ফুলিয়ে ফাঁপিয়ে আদানিদের শেয়ারের দাম বাড়িয়ে রাখা হয়েছে। আসলে শেয়ারের দাম যা হওয়া উচিত, তার চেয়ে অনেক বেশি দেখানো হচ্ছে শেয়ারের দাম। এসবই কর্পোরেট দুনিয়ার রাঘব বোয়ালদের কারসাজি। এর মানে ডিসেম্বরের শেষে যদি আপনি আদানি এন্টারপ্রাইজের শেয়ার কিনে থাকেন ২৪০০ টাকা দরে তাহলে এখন তার দাম ১৪০০ টাকা। কয়েকদিনের মধ্যে বিনিয়োগকারীদের টাকা স্রেফ উড়ে গেছে বাজার থেকে।
শেয়ার দুর্নীতি ফাঁস হওয়ার পর আদানিরা পাল্টা আক্রমণের পথে গেল। জানাল, ভারতের অর্থনীতিকে ধ্বসাতেই মাঠে নেমেছে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ। পাল্টা হিন্ডেনবার্গ জানিয়ে দিল, জাতীয়তাবাদের ধুয়ো তুলে দুর্নীতি আড়াল করা যাবে না। হয় তাদের প্রশ্নের উত্তর দিক আদানিরা, নয়ত তাদের বিরুদ্ধে আদালতে যাক। কোনওটাই করে উঠতে পারল না আদানিরা। সেই সময় বাজারে তারা ছেড়েছে আদানি এন্টারপ্রাইজের ২০০০০ কোটি টাকার নতুন শেয়ার। কাণ্ডকারখানা দেখে সাধারণ বিনিয়োগকারীরা আর আদানি এন্টারপ্রাইজের শেয়ার কেনার দিকে হাঁটলেন না। কোম্পানির সিইও জনৈক সিং। তাঁকে জিজ্ঞাসা করা হল, সাধারণ বিনিয়োগকারীরা যে আপনাদের শেয়ার কিনছেন না, এব্যাপারে কী বলবেন। উত্তরে সিইও জানালেন, একটা ইংরেজ অফিসারের হুকুমে জালিয়ানওয়ালা বাগে ভারতীয় সেনারাই ভারতীয়দের হত্যা করেছিল। এর মানে দাঁড়াল, মার্কিনীদের নির্দেশে সাধারণ ভারতীয়রা আদানির মতো দেশপ্রেমিকের শেয়ার বয়কট করছে। এদেশে কর্পোরেটের স্পর্ধা কতদূর বেড়েছে এ তারই প্রমাণ।
নতুন শেয়ার বিক্রি হচ্ছে না। পুরনো শেয়ারের দাম পড়ছে। ৬ দিনে আদানিদের ক্ষতির পরিমাণ দাঁড়াল ১০ লক্ষ কোটি টাকা। শেষ পর্যন্ত আবু ধাবির এক সংস্থা এবং এদেশের কর্পোরেটের রাঘব বোয়ালেরা রাতারাতি ২০ হাজার কোটির শেয়ার কিনে নিল। কিন্তু কার নির্দেশে আদানিকে রক্ষায় এগিয়ে এল তারা? মোদি এবিষয়ে একটা কথাও বলেননি। মুখ খোলেননি নির্মলা সীতারামনও। তাহলে নির্দেশ দিল কে বা কারা? বুঝ মন যে জান সন্ধান।
২০ হাজার কোটির শেয়ার বিক্রি হয়ে গেছে। এদেশের কর্পোরেট লবি আর আড়ালে থাকা তাদের ‘মিত্রোঁ’রা হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু দেখা গেল তা হচ্ছে না। যারা দেশপ্রেমের আড়ালে বাঁচতে চেয়েছিল তাঁদের বেলুন ফুটো করে দিল তাদেরই প্রিয় বিদেশি কর্পোরেটরা।
প্রথম ক্রেডিট সুইস ব্যাঙ্ক জানিয়ে দিল আদানিদের শেয়ার জমা রেখে তার বিনিময়ে ঋণ দেওয়া বন্ধ করে দিচ্ছে তারা। তার মানে আদানির শেয়ারের দাম যা দাবি করা হচ্ছে, আসল দাম ঠিক ততটা নয়। তাই আদানিতে ভরসা নেই তাদের। এরপর মার্কিন সংস্থা সিটি গ্রুপ একই কথা জানিয়ে দিল। এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ডাউজোন্স পছন্দের শেয়ারের তালিকা থেকে আদানিদের কোম্পানিগুলিকে সরিয়ে দিল। ফরাসি সংস্থা টোটাল এনার্জিস জানাল, হাইড্রোজেন জ্বালানি নিয়ে আদানিদের সঙ্গে তাদের প্রকল্প আপাতত স্থগিত রাখছে তারা। এরপর নরওয়ের সরকারি ফান্ড জানাল, ২০১৪ সাল থেকেই আদানিদের শেয়ার ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছিল তারা। ২০২২এর ডিসেম্বরের পর আদানিদের শেয়ারে তাদের একটি টাকাও বিনিয়োগ করা নেই। এর মানে আন্তর্জাতিক বাজারে আদানিদের ওপর ভরসা ক্রমশ তলানিতে ঠেকছে। তার চেয়েও বড় কথা, আদানিদের জালিয়াতির কথা কি নরওয়ের সরকারি ফান্ড কর্তারা আগে থেকে জানতেন? না হলে কেন তারা এত আগে থেকে আদানিদের শেয়ার বিক্রি করে দিয়ে সঙ্কটের ঠিক আগে হাত ধুয়ে সাফ করে দিলেন? একথাও মনে রাখা দরকার যে, হিন্ডেনবার্গ আদানিদের নিয়ে তাদের গবেষণা শুরু করেছিল ২ বছর আগেই। তার মানে গোলমাল যে আছে কেউ কেউ তা আগেই টের পেয়েছিল। জানত না শুধু এদেশের শাসকেরা। সবশেষে রেটিং সংস্থা মুডিজও আদানিদের গোষ্ঠীর শেয়ারকে নেতিবাচক বলে দাগিয়ে দিল।
আন্তর্জাতিক কর্পোরেট পুঁজি যখন আদানিদের নিয়ে যখন তাদের অনাস্থার কথা জানিয়ে দিল, তখন আর আটকে রাখা গেল না। এদেশে ও বিদেশে আদানিদের শেয়ারের দাম পড়তেই লাগল। নানা ভাবে ঠেস দিয়ে তাকে আটকে রাখতে চাইছে আদানিরা। এরই মধ্যে শোরগোল উঠল দেশে। জানা গেল আদানি গোষ্ঠীতে এসবিআই এবং এলআইসির বিনিয়োগ ৭৬ হাজার কোটি টাকা। তাহলে কত ক্ষতি হল এই দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার? কত ক্ষতি হল বাকি সব ব্যাঙ্কের। উত্তরটা ঠিক করে দিলেন নির্মলা সীতারামন। বললেন, ‘বাজারে শেয়ার আসে, শেয়ার যায়। এফপিও চালু হয়, বাতিলও হয়। একটা কোম্পানির জন্য কিছু যাবে আসবে না।’ঠিক এরপরেই মুখ খুললেন এসবিআই সহ অন্য ব্যাঙ্কের কর্তারা। মুখ খুলল এলআইসি। তারা জানাল, আদানি শেয়ার তারা কিনেছে বটে, তবে ক্ষতি এমন কিছু হবে না। এলআইসি বলল, আদানিতে তাদের বিনিয়োগ তাদের মোট সম্পত্তির মাত্র এক শতাংশ। কিন্তু কেন, কার নির্দেশে আদানিদের শেয়ার কিনেছিল ব্যাঙ্ক ও এলআইসি, তাদের ক্ষতিই বা কত হল — এসব জানা যাবে না। মাঠে নামলেন স্বয়ং ফিনান্স সেক্রেটারি। বাজারকে অভয় দিয়ে বললেন, মাভৈঃ, আমাদের নিয়মকানুন খুব কড়া। বিনিয়োগকারীদের ক্ষতি কেউ করতে পারবে না। এই যুক্তি সঙ্গত কারণেই মানলেন না বিরোধীরা। তাঁরা সংসদে দাবি তুললেন, এই কেলেঙ্কারি নিয়ে জেপিসি তদন্ত হোক। সরকার নারাজ। মোদি ভাষণে বললেন বহু কথা, কিন্তু আদানি নিয়ে স্পিকটি নট। যদিও তাঁর আমলেই আদানির এত উত্থান। আদানির দোস্ত তিনি। আর নির্মলা বলে যাচ্ছেন, নিয়ন্ত্রক সংস্থাগুলি সব সময় এক পায়ে খাড়া আছে। গোলমাল কিছু হলেই ধরবে। তারপর থেকেই আরবিআই, ব্যাঙ্ক, এলআইসি কর্তারা বলছেন, হম সব তৈয়ার। বাজারে কড়া নজর রেখেছি। কোনও ভয় নেই। অথচ সেবি, ইডি, আরবিআই— কাউকে দিয়েই কোনও তদন্ত হল না। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি এই জালিয়াতি ধরতে পারল না কেন, কেন হিন্ডেনবার্গ পারল, সেই প্রশ্নেরও কোনও উত্তর নেই। যখন এমনকী বিদেশি ব্যাঙ্ক ও রেটিং সংস্থাগুলিও আদানিদের নিয়ে অনাস্থা দেখাচ্ছে, তখনও সরকার নীরব। তাহলে আদানিদের কারণে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি কত? উত্তর, দেবা ন জানন্তি কুতো মনুষ্যাঃ।
সংক্ষেপে এই হল আদানি বৃত্তান্ত। তবে এই শুরু। আদানিদের কারণে গোটা ভারতীয় কর্পোরেট সেক্টরের ওপরেই আন্তর্জাতিক পুঁজির অনাস্থা বাড়তে পারে। বিদেশি বিনিয়োগ টাকা থেকে ডলারে সরে যেতে পারে। বিদেশি ব্যাঙ্কগুলো এদেশি কোম্পানিগুলির শেয়ারে বিনিয়োগ করার আগে এখন অন্তত দু’বার ভাববে।
নয়া উদারনীতিবাদী অর্থনীতির বিপদ দুটো। এক, এই আমলে ক্রোনি পুঁজির সঙ্গে সহযোগিতা করে রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ সরকরি সম্পত্তি বেচে দিয়ে ক্রোনিদের বিপুল মুনাফা পাইয়ে দেওয়া হয়। সরকারি মদতে ব্যাঙ্কগুলিকে লুঠপাট করে নিঃস্ব করে দেওয়া হয়। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে কোটি কোটি টাকা লুঠের ব্যবস্থা করা হয়। গত সাত দশক ধরে তৈরি করা দেশের সম্পদ এভাবেই লুঠ হচ্ছে মোদি সরকারের আমলে। আদানির শেয়ার কেলেঙ্কারি তার অন্যতম প্রমাণ। নয়া উদারবাদী অর্থনীতি ও রাজনীতি যে হাত ধরাধরি করে চলে তার একেবারে চরম উদাহরণ হল এদেশে বিজেপির শাসন পর্ব।
ক্রোনি পুঁজি ও তাদের রাজনৈতিক দোসরেরা হাতে হাতে মিলিয়ে দেশের সম্পদ লুঠ করেই চলবে। ক্রোনিদের টাকায় ফুলে ফেঁপে উঠবে শাসক বিজেপির তহবিল। সেই টাকায় বিধায়ক, সাংসদ কিনে জনতার রায়কেও বদলে দেওয়া চলতে থাকবে। এটাই নির্ভেজাল নয়া উদারবাদ। এই শক্তিকে উৎখাত না করতে পারলে লুঠপাট থেকে মুক্তি নেই।