বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন

[দেশ]

[দেশ]

উড়িষ্যার টেনসা খনি এলাকায় আদানি গ্রুপের বিরুদ্ধে ধর্মঘট

উড়িষ্যার টেনসা খনি এলাকায় আদানি গ্রুপের বিরুদ্ধে ধর্মঘট

photo

উড়িষ্যার সুন্দরগড় ও কেওনঝড় জেলায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিজস্ব লোহা আকরিক ও কয়লা খনিগুলি (ক্যাপটিভ খনি) আদানি গোষ্ঠী ও বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে লিজ দিয়ে দিচ্ছে। এ হল বেসরকারিকরণের এক কৌশল। কোম্পানীর প্রতিনিধিরা গ্রামসভায় খনি সম্প্রসারণের জন্য বাস্তুচ্যুতদের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ না করায় ক্ষোভ জমছিল। সিটু পরিচালিত ইউনাইটেড মাইনস মজদুর ইউনিয়নের নেতৃত্বে সুন্দরগড় জেলার টেনসা এলাকার তালদিহি, বারসুয়া, কালতা লোহা আকরিক খনিতে শ্রমিক ও গ্রামবাসীরা বিক্ষোভে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ফেটে পড়েন। দাবি ছিল, প্রতিশ্রুতি মতো বাস্তুচ্যুতদের কর্মসংস্থান এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম চালু করতে হবে। সুন্দরগড় জেলার কৈদা ব্লকের অন্তর্গত তালদিহির লোহার আকরিক খনিতে বিক্ষোভের সময় শ্রমিক ও গ্রামবাসীদের উপর কোম্পানির নিরাপত্তা বাহিনী চড়াও হয়। প্রতিবাদে ১৪-১৭ নভেম্বর ইউনিয়নের ডাকে তালদিহি, বারসুয়া, কালতা লোহা আকরিক খনিতে লাগাতার ধর্মঘট করেন শ্রমিকরা। প্রায় ৪০০০ ঠিকা শ্রমিক এই ধর্মঘটে সামিল হন। জেলা প্রশাসনের মধ্যস্থতায় ইউনিয়নের সঙ্গে আলোচনায় কোম্পানি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি কার্যকর করার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। এলাকাটি বোনাই বিধানসভার অন্তর্গত। বোনাই-এর সিপিআই(এম) বিধায়ক লক্ষ্মণ মুণ্ডা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Copyright © 2021 - 2022 Shramajeebee Bhasha. All Rights Reserved.